আবনা ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে আটক ইরানের ১০,০০০ কোটি ডলার ‘সম্পূর্ণ অবমুক্ত’ করা হয়েছে। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ১৫ দিনের মাথায় এ বিপুল পরিমাণ অর্থ ছাড় করা হলো।
ইরান সরকারের মুখপাত্র মোহাম্মাদ বাকের নোবখত জানিয়েছেন, “এখন এসব সম্পদ পুরোপুরি মুক্ত এবং আমরা এখন তা ব্যবহার করতে পারব।” তিনি জানান, এসবের বেশিরভাগই তেল বিক্রির অর্থ এবং চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্কের ব্যাংকে তা জমা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তেল বিক্রির টাকা এসব দেশের ব্যাংকে জমা হতো। সুইফট সিস্টেমে ইরান সংযুক্ত না থাকার কারণে তা দেশে আনা যাচ্ছিল না।
এরইমধ্যে ইরানের অন্তত নয়টি ব্যাংক সুইফট সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে। তবে অবমুক্ত হওয়া অর্থের সব দেশে ফেরত আনা হবে না বলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওয়ালিউল্লাহ সাইফ জানিয়েছেন। কারণ এতে দেশে হঠাৎ অর্থ প্রবাহ বেড়ে সমস্যা দেখা দিতে পারে।#